চলমান অর্থনৈতিক চাপ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মোকাবিলায় অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো এবং ব্যবসা-বাণিজ্যে মার্কিন ডলারের ওপর নির্ভরতা ধীরে ধীরে কমানোর আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
বার্ষিক ‘সরকারি সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি দেশের অর্থনীতিকে আরও স্বনির্ভর করার ওপর গুরুত্ব দেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ ও বিভিন্ন নিষেধাজ্ঞার মধ্যেও জনগণের প্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখার জন্য প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।
খামেনি বলেন, অর্থনৈতিক সমস্যা মোকাবিলায় দেশের নিজস্ব উৎপাদন সক্ষমতাকে অগ্রাধিকার দিতে হবে। যেসব পণ্য অভ্যন্তরীণভাবে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করা সম্ভব নয়, কেবল সেগুলোই প্রয়োজন বিবেচনায় পরিকল্পিতভাবে আমদানি করা উচিত।
আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের ওপর নির্ভরতা কমানোর বিষয়েও গুরুত্ব দেন তিনি। তার মতে, অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার প্রভাব কমিয়ে নিজস্ব সক্ষমতা বাড়ানো গেলে বাইরের চাপ মোকাবিলায় ইরানের অবস্থান আরও শক্তিশালী হবে।
দেশের তরুণ ও মেধাবী জনগোষ্ঠীকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন ও উন্নয়ন কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা।
একই সঙ্গে জাতীয় ঐক্য বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি এমন বক্তব্য ও কর্মকাণ্ড এড়িয়ে চলার আহ্বান জানান, যা সাধারণ মানুষের মনোবল দুর্বল করতে পারে। ‘যুদ্ধ নাকি আলোচনা’ এমন বিতর্ককে কেন্দ্র করে সমাজে বিভাজন তৈরি না করার কথাও বলেন তিনি।
শিক্ষক, চিকিৎসক এবং সন্তানদের লালন-পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মায়েদের অবদানের প্রশংসা করেন খামেনি। তিনি বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিদেশি চাপ ও অর্থনৈতিক বাধা মোকাবিলা করা সম্ভব।
সূত্র: প্রেস টিভি
মন্তব্যসমূহ