ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রুশ ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।
শনিবার (২৯ আগস্ট) কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন, হামলায় আরও ৪২ জন আহত হয়েছেন। পাশাপাশি বুচা জেলার হামলাস্থল থেকে ৩৮০ জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, একটি গুদাম লক্ষ্য করে ড্রোন হামলার পর সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে আবাসিক ভবন এবং বয়স্কদের সেবাদানকারী একটি প্রতিষ্ঠানও রয়েছে।
এর আগে টানা দুই দিন কিয়েভ শহর ও আশপাশের এলাকায় ড্রোন হামলা চালানো হয়। এসব হামলায় গুদাম, আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।
হামলার পর স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার ও তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সূত্র: রয়টার্স
মন্তব্যসমূহ