আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। এর ফলে আগামী গ্রীষ্মের আগেই প্রায় ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হতে পারে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে যশোর পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের উদ্যোগে মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়ে প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সভাপতিদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
জ্বালানি তেলের দাম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বাড়ার প্রভাব বিভিন্ন দেশেই পড়ছে। এ কারণে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম সমন্বয়ের প্রয়োজন হচ্ছে।
তিনি বলেন, সরকার জনগণের বিষয়টি বিবেচনায় রেখেই জ্বালানি খাতে মূল্য সমন্বয় করছে। পাশাপাশি ব্যক্তি ও পরিবার পর্যায়ে সম্পদের পরিমিত ব্যবহারের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। শিশুদের ছোটবেলা থেকেই সম্পদের সঠিক ও সাশ্রয়ী ব্যবহার শেখানোর আহ্বান জানান।
শিক্ষকদের উদ্দেশে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ ও মানসম্মত স্যানিটেশন নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধেও অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
তিনি বলেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হতে দেওয়া হবে না। কোনো শিক্ষার্থী আর্থিক সমস্যায় পড়লে তার শিক্ষাজীবন চালিয়ে যেতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক বা দলীয় পরিচয় ব্যবহার করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তার কিংবা বিশৃঙ্খলা তৈরি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি জানান, কেউ এমন কর্মকাণ্ডে জড়ালে প্রথমে সাংগঠনিকভাবে এবং পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
মন্তব্যসমূহ