ইরানের অর্থনৈতিক সংকট মোকাবিলায় দেশের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো এবং লেনদেনে মার্কিন ডলারের ব্যবহার ধীরে ধীরে কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
শুক্রবার (২৮ আগস্ট) সরকার সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি অর্থনীতিকে শক্তিশালী করতে দেশীয় সক্ষমতার ওপর নির্ভরতা বাড়ানোর আহ্বান জানান।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি মূল্যস্ফীতি ও জীবনযাত্রার সংকট মোকাবিলায় উৎপাদন বৃদ্ধি, প্রয়োজনীয় ক্ষেত্রে পরিকল্পিত আমদানি এবং অর্থনৈতিক ব্যবস্থায় ডলারের প্রভাব কমানোর ওপর জোর দিয়েছেন।
তিনি বলেন, অর্থনৈতিক সমস্যার সমাধানের মূল পথ হলো দেশের অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতা বাড়ানো। যেসব পণ্য দেশে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন সম্ভব নয়, সেসব ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী আমদানি করা যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
খামেনি ইরানের অর্থনৈতিক নীতিতে ‘প্রতিরোধী অর্থনীতি’কে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তার মতে, দেশীয় সম্পদ, তরুণদের উদ্ভাবন এবং নতুন প্রযুক্তির ব্যবহার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সরকার সপ্তাহ উপলক্ষে দেওয়া বার্তায় তিনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে সরকারের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে জনগণের প্রয়োজনীয় পণ্য ও সেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, দেশের উন্নয়নের জন্য জাতীয় ঐক্য বজায় রাখা এবং হতাশা ছড়ায় এমন বক্তব্য এড়িয়ে চলা প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপের মধ্যেই খামেনি এই বার্তা দিলেন। এর আগে ওয়াশিংটন ইরানের অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে নতুন নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়।
সূত্র: প্রেস টিভি
মন্তব্যসমূহ