অনলাইনে প্রতারণার ঘটনা বাড়তে থাকায় ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করতে দুটি নতুন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে অচেনা নম্বর থেকে আসা ফোনকলের ক্ষেত্রে কলদাতা সম্পর্কে বাড়তি তথ্য জানা যাবে। পাশাপাশি ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ সুবিধায় যুক্ত হয়েছে আরও শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অ্যান্ড্রয়েড ফোনে অচেনা নম্বর থেকে আসা ফোনকলের ক্ষেত্রে এখন আগের তুলনায় বেশি তথ্য দেখানো হবে। ফলে নম্বরটি অন্য কোনো দেশের কি না এবং কলদাতা ও ব্যবহারকারী একই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন কি না, তা জানা যাবে।
প্রতারকদের হাত থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতেই এ সুবিধা চালু করা হয়েছে। প্রতারকেরা প্রায়ই জরুরি পরিস্থিতির কথা বলে মানুষকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করেন। কলদাতা সম্পর্কে আগে থেকেই কিছু তথ্য জানা থাকলে ব্যবহারকারীরা সতর্ক হয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।
এ ছাড়া ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ সুবিধায়ও বাড়তি নিরাপত্তাব্যবস্থা যুক্ত হয়েছে। ফলে কেউ ব্যবহারকারীর ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) জেনে গেলেও অ্যাকাউন্টে অননুমোদিতভাবে প্রবেশ করা কঠিন হবে। এত দিন ছয় সংখ্যার ভেরিফিকেশন পিন ব্যবহার করা হলেও এখন অক্ষর ও সংখ্যার সমন্বয়ে পাসওয়ার্ড তৈরি করা যাবে। এতে অনুমান করে পিন বা পাসওয়ার্ড জেনে যাওয়ার ঝুঁকি কমবে।
একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একাধিক ‘পাসকি’ যুক্ত করার সুবিধাও পাবেন ব্যবহারকারীরা। ফলে অ্যান্ড্রয়েড ও আইওএসচালিত ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হোয়াটসঅ্যাপে একের পর এক নতুন সুবিধা যুক্ত হচ্ছে। গত জুনে ‘ইউজারনেম’ সুবিধা চালু করে অ্যাপটি। এর মাধ্যমে ফোন নম্বর প্রকাশ না করেই অন্যদের সঙ্গে হোয়াটসঅ্যাপ প্রোফাইল শেয়ার করা যায়।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
মন্তব্যসমূহ