মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতের সরকার সরাসরি রাজনৈতিক দায় নিতে চাইছে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তাঁর মতে, এ কারণেই বিষয়টি ভারতের বিচার বিভাগের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, বিষয়টি শেখ হাসিনার জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়। বাংলাদেশ শেখ হাসিনাসহ যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের প্রত্যেককে দেশে ফেরত চায়। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট বলেও জানান তিনি।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেন, গণতন্ত্রের প্রতি বিশ্বাস শুধু বক্তব্যের বিষয় নয়, এর সঙ্গে মানসিকতাও জড়িত। দীর্ঘ ১৭ বছর ধরে সমালোচনা গ্রহণ করার মতো মানসিকতা দেখা যায়নি। বর্তমান সরকারের গত ছয় মাসেও তেমন কোনো মানসিকতার প্রকাশ ঘটেনি বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, কাউকে বন্ধ করে দেওয়া বা কোনোভাবে থামিয়ে রাখার মানসিকতা বর্তমান সরকারের নেই। দেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে সরকার দায়িত্ব পালন করছে।
আন্দালিব রহমানের ভাষ্য, গত ১৭ বছরে দেশের পুরো ব্যবস্থায় দুর্নীতির প্রভাব পড়েছে। এই পরিস্থিতি থেকে দেশকে বের করে আনতে সরকার একা নয়, সবার সহযোগিতা প্রয়োজন।
মন্তব্যসমূহ