একদিনের রাষ্ট্রীয় সফরে আজ মঙ্গলবার (২৩ জুন) পাকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের মধ্যস্থতার পর এই সফরকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এটি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের দ্বিতীয় সরকারি পাকিস্তান সফর। তার সঙ্গে উচ্চপর্যায়ের মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলও থাকবে।
সফর উপলক্ষে ইসলামাবাদে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীজুড়ে স্বাগত ব্যানার টানানো হয়েছে এবং পাকিস্তান ও ইরানের জাতীয় পতাকা দিয়ে শহর সাজানো হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সফরকালে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পৃথক বৈঠক করবেন। পাশাপাশি সিনেট চেয়ারম্যান, জাতীয় পরিষদের স্পিকার, উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তার আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈঠকগুলোতে দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া পাকিস্তান ও ইরানের মধ্যে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। পূর্ববর্তী চুক্তির বাস্তবায়ন ও অগ্রগতিও পর্যালোচনা করা হবে।
আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। আলোচনায় আঞ্চলিক শান্তি, নিরাপত্তা সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু স্থান পাবে।
বিশ্লেষকদের মতে, পরিবর্তিত আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতির মধ্যে এই সফর পাকিস্তান-ইরান সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
সূত্র : রয়টার্স