ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আগামী ২৪ আগস্ট।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী, এস এম শাহজালাল, এস এম মাসুদ হোসেন দোলন, মোহাম্মদ শিশির মনিরসহ কয়েকজন আইনজীবী।
এর আগে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা করেন। ওই রায়ে ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার বরখাস্ত অধ্যক্ষ সিরাজ উদদৌলা, স্থানীয় রাজনৈতিক নেতা রুহুল আমিন, মাদরাসার কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীসহ মামলার অন্যান্য আসামিরা।
নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ২০১৯ সালের এপ্রিল মাসে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসায় তার শরীরে আগুন দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রধান বিচারপতির নির্দেশে বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠন করা হয়েছে। সেই বেঞ্চেই নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি সম্পন্ন হয়েছে।
মন্তব্যসমূহ