রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জামায়াতে ইসলামী বিদ্যমান সংবিধানকে স্বীকৃতি দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত বর্তমান সংবিধান মেনে সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে। বিরোধী দল নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে এবং নির্বাচনে অংশ নেওয়া বিরোধী প্রার্থীও বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন। এটি গণতন্ত্রের জন্য ইতিবাচক দিক।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নির্ধারিত আইন অনুসরণ করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। সেই প্রক্রিয়া অনুসারেই এবারের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও শেষ পর্যন্ত সাংবিধানিক কাঠামোকে স্বীকৃতি দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়াই গণতন্ত্রের শক্তি।
তিনি বলেন, বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে সাংবিধানিক প্রক্রিয়া ও বিদ্যমান ব্যবস্থার প্রতি আস্থা প্রকাশ করেছে। এজন্য তাদের অভিনন্দন জানাই।
জামায়াতের বিষয়ে তিনি বলেন, যদি ৭০ ধারা বহাল থাকা অবস্থায় বিরোধী দল সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয়, তাহলে বিদ্যমান সংবিধানের কাঠামোর প্রতি তারাই স্বীকৃতি দিয়েছে। এ কারণেই তাদের অভিনন্দন জানাই।
উল্লেখ্য, জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
মন্তব্যসমূহ