স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেছেন, দীর্ঘ সময় পর দেশে সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে, যেখানে বিরোধী দলের প্রার্থীও অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে বিরোধী দলের প্রার্থী থাকায় এটি গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ একটি প্রত্যাশিত গণতান্ত্রিক পরিবেশ দেখতে পাবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধান সংশোধন নিয়ে গঠিত কমিটিতে এখনো বিরোধী দলের অংশগ্রহণ হয়নি। তবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদের আলোকে অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। এর পরই নতুন সাংবিধানিক কাঠামোর ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করা হবে।
মন্তব্যসমূহ