পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় রাজধানীর শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি, ছাদ কিংবা আশপাশের উপযুক্ত স্থানে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
তিনি বলেছেন, পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সোমবার সকালে রাজধানীর মিরপুরের আলহাজ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়, মিরপুর আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় ও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী।
আমিনুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রত্যেক শিক্ষার্থী যেন পরিবারের সদস্যদের উৎসাহিত করে বাসা, ছাদ, রাস্তার পাশে বা সুযোগমতো অন্য কোনো স্থানে একটি করে গাছ লাগানোর দায়িত্ব নেয়।
তিনি জানান, শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য পাঁচ হাজার গাছের চারা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব চারা বিভিন্ন বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের দেওয়া হবে। প্রধান শিক্ষক ও শ্রেণিশিক্ষকদের সহযোগিতায় শিক্ষার্থীরা যেন বাড়ি বা আশপাশের উপযুক্ত স্থানে গাছ লাগায়, সে বিষয়ে উৎসাহ দেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, গাছ অক্সিজেন সরবরাহ, ছায়া প্রদান এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ প্রয়োজন।
তিনি জানান, সরকারের ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি চালু করা হয়েছে। শুধু বিদ্যালয় নয়, শিক্ষার্থীদের নিজ নিজ এলাকায়ও এই কার্যক্রম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। এ সময় কয়েকজন শিক্ষার্থীর নিজের হাতে হাত ধুয়ে দেন এবং তাদের মধ্যে চকলেট বিতরণ করেন।
মন্তব্যসমূহ