রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মনোনয়নপত্র যাচাই করেন।
এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়। এরপর নির্ধারিত সময়ের মধ্যে তার পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
এদিকে ১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ফলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদ, দুই প্রার্থীর মনোনয়নই বৈধ হলো।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপর আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্তব্যসমূহ