ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আতিকুর রহমান ওরফে শিশু মিয়া এবং সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন আহমেদের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গত ১১ জুন প্রতিপক্ষের হামলায় চেয়ারম্যানের চাচাতো ভাই ইকবাল মিয়া আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর মধ্যে শুক্রবার বিকেলে ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে আবুল হোসেন আহমেদের পক্ষের আপন মিয়া (১৮) ও বায়েজিদ আহমেদ (১৬) মারধরের শিকার হন বলে অভিযোগ রয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ১১টার দিকে টিয়ারা বাজারে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রামদা, ছুরি, টেঁটা ও বল্লমসহ বিভিন্ন অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে।
সংঘর্ষের মধ্যে দুই পক্ষের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।