হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলাকে মানবতার বিরুদ্ধে অন্যতম বড় অপরাধ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক হামলার বার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে বিভিন্ন দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান হুমকির মধ্যেও ওই হামলার সময়কার একই ধরনের মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি।
পেজেশকিয়ান বলেন, হিরোশিমা ও নাগাসাকির ভয়াবহতার যারা বিরোধিতা করেন, তাদের উচিত একই সঙ্গে ওয়াশিংটনের এমন মানসিকতারও নিন্দা জানানো। তার অভিযোগ, বর্তমানে বিভিন্ন জাতিকে নিশ্চিহ্ন করা এবং বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দেওয়া হচ্ছে।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, পারমাণবিক হামলার মতো ভয়াবহ ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে বিষয়ে বিশ্ববাসীকে সতর্ক থাকতে হবে। পারমাণবিক অস্ত্রের ব্যবহার মানবতার জন্য কী ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে, হিরোশিমা ও নাগাসাকির ঘটনা তার বড় উদাহরণ বলেও উল্লেখ করেন তিনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমায় প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। এর তিন দিন পর, ৯ আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমা হামলা চালানো হয়।
ওই দুই হামলায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটে। হামলার তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পাশাপাশি পরবর্তী সময়ে তেজস্ক্রিয়তার কারণে বহু মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যান।
প্রতি বছর হিরোশিমা ও নাগাসাকি হামলার বার্ষিকীতে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা স্মরণ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পারমাণবিক যুদ্ধ প্রতিরোধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি