বগুড়ায় বাসচাপায় সাত দিনমজুর নিহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মাসুদ হোসেনকে। কমিটির অন্য দুই সদস্য হলেন জেলা পুলিশের একজন প্রতিনিধি এবং সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী।
জেলা প্রশাসক জানান, স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে দুর্ঘটনাস্থলে ইতোমধ্যে গতিরোধক নির্মাণের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবারই এই সহায়তা পৌঁছে দেওয়ার কথা রয়েছে।
আহত শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক। আহতদের বিনামূল্যে চিকিৎসা ও সরকারি ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে।
এদিকে চিকিৎসাধীন শ্রমিকদের জন্য রক্তের প্রয়োজন হওয়ায় স্বেচ্ছায় রক্তদাতাদের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
এর আগে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার এরুলিয়া উচ্চবিদ্যালয়ের সামনে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। কাজের অপেক্ষায় সড়কের পাশে অবস্থান করা শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ হারানো একটি বাস উঠে যায়। এতে ঘটনাস্থলসহ পরে সাত দিনমজুরের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।