মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত ৯টা এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিণী। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রায় কুয়ালালামপুরের শাংরি-লা হোটেলে যান। মালয়েশিয়া আগমন উপলক্ষে রাতে একটি সুধী সমাবেশে তার অংশ নেওয়ার কথা রয়েছে। সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী, শ্রমিক এবং প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে জানা গেছে।
এর আগে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের বহনকারী আরেকটি ফ্লাইট বাংলাদেশ সময় বিকাল ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, শ্রমবাজার সম্প্রসারণ এবং কৌশলগত সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো অগ্রাধিকার পাবে।