যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ধাক্কা খাওয়ার পর কংগ্রেসের নতুন ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠতাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সাক্ষাৎকারে ট্রাম্প নির্বাচনে রিপাবলিকানদের আশানুরূপ ফল না পাওয়ার পেছনে ওয়াশিংটনের ইরান সংশ্লিষ্ট সামরিক পদক্ষেপ এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ভূমিকা খোলামেলা স্বীকার করেন। ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় এর পেছনে ইরানের ভূমিকা ছিল।
নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, বিশ্বরাজনীতিতে সঠিক পদক্ষেপ নেওয়া হলেও সাধারণ মার্কিন নাগরিকেরা পেট্রোলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মতো তাৎক্ষণিক ও স্বল্পমেয়াদি অর্থনৈতিক চাপ সহ্য করতে প্রস্তুত ছিলেন না। ভোটারদের এই অর্থনৈতিক অসন্তোষের কারণেই ব্যালটে তার প্রভাব পড়েছে বলে তিনি মনে করেন।
কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ বিরোধী ডেমোক্র্যাটদের হাতে চলে যাওয়ার প্রেক্ষাপটে ট্রাম্প সাফ জানিয়ে দেন, ক্ষমতার ভারসাম্য বদলালেও নিজের মূল এজেন্ডা থেকে তিনি একচুলও নড়বেন না। ডেমোক্র্যাটদের সম্ভাব্য আইন প্রণয়নের উদ্যোগের দিকে ইঙ্গিত করে তিনি আক্রমণাত্মক সুরে বলেন, ‘ডেমোক্র্যাটরা হয়তো পাগলামিপূর্ণ সব প্রস্তাব নিয়ে আসবে, আর আমি সেগুলোতে এক এক করে ভেটো দেবো।’
এদিকে নির্বাচনে পরাজয়ের প্রেক্ষাপটে প্রশাসনের শীর্ষ পদে কোনো পরিবর্তনের গুঞ্জন উড়িয়ে দিয়ে ট্রাম্প স্পষ্ট করেছেন যে বর্তমান মন্ত্রিসভায় বড় ধরনের কোনো রদবদল হচ্ছে না এবং তাঁর প্রশাসনের নীতিনির্ধারকেরা নিজ নিজ দায়িত্বে বহাল থাকবেন।
সূত্র: আল জাজিরা
মন্তব্যসমূহ