চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট আলহাজ মো. রুহুল আমিন আর নেই। আদালতে মামলা পরিচালনার সময় অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে আইনজীবী সমাজ গভীরভাবে শোকাহত।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে আদালতে একটি মামলার কার্যক্রম পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রুহুল আমিন। পরে সহকর্মীরা দ্রুত তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রুহুল আমিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন। পেশাগত কারণে তিনি দীর্ঘদিন চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকায় বসবাস করতেন। প্রায় ৫৪ বছর ধরে তিনি আইন পেশায় নিয়োজিত ছিলেন এবং চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক জীবনেও তিনি সক্রিয় ছিলেন। অবিভক্ত মতলব উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
পরিবার জানিয়েছে, তার একমাত্র ছেলে বর্তমানে জাপানে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে। এর আগে মরদেহ চাঁদপুর বেগম মসজিদের মর্চুয়ারিতে রাখা হবে। পরে জানাজা শেষে চাঁদপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে চাঁদপুরের আইনজীবী মহল, রাজনৈতিক অঙ্গন এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।