জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরের দিকে রাজধানীর সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ পদযাত্রাটি আটকে দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে নেতারা তাদের বক্তব্য তুলে ধরেন।
এ সময় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, তাদের কর্মসূচির উদ্দেশ্য কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি নয়; বরং জনগণের বিভিন্ন দাবি সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া। তিনি বলেন, একই ধরনের কর্মসূচি শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন স্থানেও একযোগে পালিত হচ্ছে।
তিনি সরকারের দায়িত্বশীল প্রতিনিধি বা সংশ্লিষ্ট কোনো মন্ত্রীকে ঘটনাস্থলে এসে দাবিপত্র গ্রহণের আহ্বান জানান। তার ভাষ্য, জনগণের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো সরকার বাস্তবায়ন করতে পারলে তা ইতিবাচকভাবে মূল্যায়ন করা হবে। অন্যথায় আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, পুলিশের অনুরোধে তারা আপাতত অবস্থান নিয়েছেন। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে অনুরোধ জানান, যেন আন্দোলনকারীদের বক্তব্য ও দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়।
পদযাত্রায় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।