দীর্ঘ প্রতীক্ষার পর সাধারণ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। উদ্বোধনের পর প্রথম দিনেই জাদুঘরে ব্যাপক দর্শনার্থীর সমাগম ঘটে। নির্ধারিত ৯০০টি টিকিট অল্প সময়ের মধ্যেই বিক্রি শেষ হয়ে যাওয়ায় অনেকেই প্রবেশের সুযোগ না পেয়ে ফিরে যান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকেই জাদুঘরের সামনে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। পরিবার, বন্ধু ও সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে অনেকেই জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে জানতে এবং আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাদুঘরে আসেন।
দর্শনার্থীদের কয়েকজন জানান, জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবসে উদ্বোধনের দিন সীমিত পরিসরে হলেও সাধারণ মানুষের জন্য জাদুঘর খুলে দেওয়া হলে ভালো হতো। তাদের ভাষ্য, দেশের বিভিন্ন এলাকা থেকে আসা অনেক মানুষ সেদিন প্রবেশ করতে না পেরে হতাশ হয়েছেন। পাশাপাশি প্রবেশমূল্য ৫০ টাকা পুনর্বিবেচনার দাবিও জানিয়েছেন কেউ কেউ।
রামপুরা থেকে আসা দর্শনার্থী কামাল আহমেদ বলেন, জুলাই আন্দোলনের স্মৃতিগুলো কাছ থেকে দেখার আগ্রহ নিয়েই তিনি এসেছেন। তার মতে, উদ্বোধনের দিনও সীমিত সংখ্যক দর্শনার্থীর প্রবেশের ব্যবস্থা থাকলে দূর-দূরান্ত থেকে আসা মানুষ উপকৃত হতেন।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জনকে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। সকাল ১১টা, দুপুর ১টা এবং বিকেল ৪টায় তিনটি পৃথক স্লটে ৩০০ জন করে দর্শনার্থী প্রবেশ করতে পারবেন।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। টিকিট অনলাইন ও কাউন্টার—উভয় মাধ্যমেই সংগ্রহ করা যাচ্ছে। অতিরিক্ত ভিড় এড়াতে আগাম টিকিট সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সেই সময়ের আন্দোলন ও আত্মত্যাগের স্মৃতি তুলে ধরার উদ্দেশ্যে জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আন্দোলন-সংশ্লিষ্ট আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, শহীদ ও আহত ব্যক্তিদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রীসহ নানা স্মারক প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।
এর আগে বুধবার জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করেন। উদ্বোধনের দিন এটি শুধুমাত্র শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত ছিল। বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ শুরু হয়।