দেশের পানি ব্যবস্থাপনার চলমান সংকট মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি টেকসই সমাধান নিশ্চিত করতে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা দেশের পানি ব্যবস্থাপনার বর্তমান সমস্যা, সীমাবদ্ধতা এবং সম্ভাব্য সমাধান নিয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
তারা দীর্ঘ ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন।
সভায় খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা রক্ষা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
দ্রুত নগরায়নের কারণে সৃষ্ট জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যা মোকাবিলায় সমন্বিত নগর পরিকল্পনা তৈরির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন বিশেষজ্ঞরা।
তাদের বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া ফুটস্টেপস বাংলাদেশের ফাসবীর এস্কান্দার, শাহ রাফায়াত চৌধুরী ও মোহাম্মদ তাকী ইয়াসির, বিশ্বব্যাংকের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সাবেক প্রধান প্রকৌশলী তারিক বিন ইউসুফ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মুজিবুর রহমান, রেড অরেঞ্জের অলোক কুমার মজুমদার ও সামিউল ইসলাম, ইয়ুথ ফর এনডিসির নির্বাহী পরিচালক আমানুল্লাহ পরাগ, গারবেজম্যানের প্রতিষ্ঠাতা ফাহিদ উদ্দিন শুভ এবং পরিকল্পনাবিদ এস এম মেহেদী হাসান বৈঠকে অংশ নেন।