চার দিনের সফরে আজ মঙ্গলবার বাংলাদেশে আসছেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানী। ঘোষিত সফরসূচি অনুযায়ী, দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুপুর ১২টা ৩৫ মিনিটে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
সফরকালে তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত ইলমি সেমিনার, ইসলাহি মাহফিল, আলেমদের সমাবেশ এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন। এসব আয়োজনে দ্বীনি শিক্ষা, হাদিসচর্চা, আত্মশুদ্ধি এবং দেওবন্দের শিক্ষা ও ঐতিহ্য নিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশে তার সফর বাস্তবায়ন কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। আয়োজকদের ভাষ্য, মুফতি আবুল কাসেম নোমানীর সফর ঘিরে দেশের আলেম, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর খামারবাড়ির কেআইবি কমপ্লেক্সে মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ আয়োজিত একটি ইলমি সেমিনারে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। পরে মিরপুরের জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে আলেমদের উদ্দেশে বিশেষ নসিহত করবেন। সন্ধ্যায় বসুন্ধরার মারকাজুল ফিকরিল ইসলামীর ইসলাহি মাহফিলে অংশ নেবেন তিনি।
বৃহস্পতিবার তিনি বগুড়া ও পিরোজপুর সফর করবেন। পিরোজপুরের আশরাফুল মাদারিসে আয়োজিত ‘তাহাফফুজে ফিকরে আকাবির’ শীর্ষক সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। পরে ঢাকায় ফিরে উত্তরায় উলামা ও আইম্মা কাউন্সিলের ‘দেওবন্দের ঐতিহ্য ও খিদমত’ শীর্ষক সম্মেলনে বক্তব্য দেবেন।
সফরের শেষ দিন শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় এবং মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। ওই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
মুফতি আবুল কাসেম নোমানী দীর্ঘদিন ধরে দারুল উলুম দেওবন্দের মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২০ সাল থেকে তিনি প্রতিষ্ঠানটির শায়খুল হাদিসের দায়িত্বেও রয়েছেন।