২০২৮ সালের আগে ঢাকা থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব নয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
রোববার রাজধানীর একটি হোটেলে বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা বিষয়ক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, জাতীয় বিমান সংস্থার বহরে নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হতে অন্তত পাঁচ বছর সময় লাগবে। এই সময়ে চাহিদা পূরণে এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি আরও জানান, বিমান খাতে সক্ষমতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে নতুন বিমান সংযোজন ও অবকাঠামো উন্নয়নের কাজ চলমান রয়েছে।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে। তিনি জানান, নির্ধারিত সময়ের আগেই জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ শেষ করতে পারবে বলে আশা করা হচ্ছে।
এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে দেশের বিমান চলাচল ব্যবস্থায় নতুন সক্ষমতা যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।