জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর তার নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নিতে পারেন। বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে। তবে সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি এবং এ বিষয়ে প্রস্তুতিমূলক কাজ চলছে।
সরকারি ও দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, নিউইয়র্কের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুই দিনের একটি অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সেখান থেকেই তার দেশে ফেরার কথা রয়েছে। পুরো যুক্তরাষ্ট্র সফর আট থেকে দশ দিনের হতে পারে।
এবারের অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। প্রায় চার দশক পর বাংলাদেশ আবারও এ পদে দায়িত্ব পাওয়ায় এবারের অধিবেশন দেশের জন্য বিশেষ কূটনৈতিক গুরুত্ব বহন করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিউইয়র্কে তাকে স্বাগত জানাতে একটি নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছেন।
দলীয় সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নেতাকর্মীরা সংবর্ধনায় অংশ নিতে নিউইয়র্কে যেতে পারেন। অনুষ্ঠানটির প্রস্তুতি নিয়ে ইতোমধ্যে ভার্চুয়াল বৈঠক করেছেন সংশ্লিষ্ট নেতারা।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, তিনি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে পারেন। তবে সফরসূচি ও ভাষণের সময় চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।