বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশব্যাপী সাধারণ ছুটি থাকবে। জরুরি কাজে নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস এ ছুটির আওতায় থাকবে। তবে এদিন পোশাক কারখানায় ছুটি থাকবে কি না, তা নিয়ে শ্রমিকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির ২০২৬ সালের অনুমোদিত উৎসব ছুটির তালিকায় ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ছুটি রাখা হয়েছে।
বিজিএমইএর তালিকায় বলা হয়েছে, ২০২৫ সালের ১৭ নভেম্বরের শ্রম অধ্যাদেশ অনুযায়ী প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বছরে ১৩ দিনের মজুরিসহ উৎসব ছুটি দিতে হবে। বিধি অনুযায়ী মালিকপক্ষ এসব ছুটির দিন ও তারিখ নির্ধারণ করবে।
সে অনুযায়ী যেসব পোশাক কারখানা বিজিএমইএর অনুমোদিত তালিকা অনুসরণ করে বার্ষিক উৎসব ছুটি নির্ধারণ করেছে, সেসব কারখানায় ৫ আগস্ট ছুটি থাকার কথা।
তবে জরুরি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের স্বাভাবিক দায়িত্ব পালন করতে হবে।