ইরানের বিভিন্ন স্থাপনায় পরিকল্পিত মার্কিন সামরিক হামলা বাতিলের সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারের বেশি কমেছে।
রোববার ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ০৮ ডলার বা ৪ দশমিক ৬৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৩ দশমিক ৮৫ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ৪ দশমিক ০১ ডলার বা ৪ দশমিক ৭৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৬৬ ডলারে নেমে আসে।
বাজার বিশ্লেষকদের মতে, ইরানে সম্ভাব্য মার্কিন হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছিল। বিশেষ করে তেল উৎপাদন ও পরিবহনব্যবস্থা ব্যাহত হওয়ার শঙ্কায় বাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছিল।
এর আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পুনরায় শুরু এবং ওমান উপকূলের কাছে কয়েকটি তেলবাহী জাহাজে হামলার ঘটনার পর ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের তেলের দাম ২০ শতাংশের বেশি বেড়েছিল।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিকল্পিত হামলা বাতিল করায় সরবরাহব্যবস্থা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে নেমে এসেছে।
সূত্র: রয়টার্স