প্রতিপক্ষের যেকোনো হুমকিকে ইরান বাস্তব ও গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং সে অনুযায়ী প্রস্তুতি নেয় বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে রেজা।
রোববার (২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় তিনি এ কথা বলেন।
ইবনে রেজা বলেন, শত্রুপক্ষের সাম্প্রতিক বক্তব্য মনস্তাত্ত্বিক ও জ্ঞানগত যুদ্ধের অংশ হলেও ইরান সেগুলোকে বাস্তব ও বিশ্বাসযোগ্য হুমকি হিসেবেই বিবেচনা করছে।
তিনি বলেন, ইরান কখনো অপ্রস্তুত থাকবে না এবং কোনো হুমকির মুখে নিষ্ক্রিয়ও থাকবে না।
তার ভাষ্য, প্রতিটি হুমকিকে তেহরান প্রস্তুতি বাড়ানো, প্রতিরোধ সক্ষমতা জোরদার এবং সামরিক সামর্থ্য উন্নয়নের সুযোগ হিসেবে ব্যবহার করে।
ইরানের জ্বালানি ও অন্যান্য অবকাঠামোয় নতুন হামলা চালানোর পরিকল্পনা আপাতত স্থগিত রাখার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানানোর পর এ মন্তব্য করলেন ইবনে রেজা।
ট্রাম্প দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ একটি সম্ভাব্য সমঝোতার ভিত্তিতে পৌঁছানোয় নতুন হামলা আপাতত স্থগিত রাখা হচ্ছে।
শনিবার রাতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ফোনালাপে আরাগচি বলেন, দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় ইরান সব সময় প্রস্তুত।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যেকোনো আগ্রাসন কিংবা এ ধরনের হামলায় আঞ্চলিক কোনো দেশের সহযোগিতা ইরানের সশস্ত্র বাহিনীর দৃঢ় ও সমানুপাতিক জবাবের মুখে পড়বে।
সূত্র: আইআরএনএ