মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি।
সৌদি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফোনালাপে দুই নেতা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং এর নিরাপত্তা ও রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করেন।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান উত্তেজনা কমানো, সংলাপকে অগ্রাধিকার দেওয়া এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি সতর্ক করে বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে।
ফোনালাপে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন সামরিক হামলার বিষয়টিও আলোচনায় আসে। সৌদি যুবরাজ এ ধরনের অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এর আগে গত ৩১ জুলাই ট্রাম্প বলেছিলেন, ইরান আলোচনায় না ফিরলে যুক্তরাষ্ট্র দেশটিতে ‘খুব কঠোর’ সামরিক হামলা চালাবে।
তবে রোববার ট্রাম্প জানান, সম্ভাব্য একটি সমঝোতার ভিত্তি তৈরি হওয়ায় পরিকল্পিত নতুন সামরিক অভিযান আপাতত স্থগিত রাখা হবে।
ট্রাম্পের ভাষ্য, ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে নতুন করে হামলা না চালানোর অনুরোধ করেছে।
তিনি দাবি করেন, সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালি অবিলম্বে ও সম্পূর্ণভাবে জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
সমঝোতার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে উদ্ভূত হুমকিরও অবসান ঘটবে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে প্রস্তাবিত সমঝোতার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। চূড়ান্ত কোনো চুক্তি স্বাক্ষরিত হওয়ার তথ্যও পাওয়া যায়নি।
সূত্র: শাফাক নিউজ