রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সকালে কলেজ গেট এলাকায় হঠাৎ করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের ধাওয়া দিয়ে আটক করে।
আটক ব্যক্তিরা মোহাম্মদপুর, আদাবর এবং ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।