কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে চুক্তি হয়েছে—ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত এমন খবর অস্বীকার করেছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ।
ইরানের আলোচক দলের একজন সদস্যের বরাত দিয়ে ফার্স জানিয়েছে, হরমুজ প্রণালি নিয়ে চুক্তি হওয়ার দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’।
এর আগে ইসরায়েলি গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একটি সমঝোতা প্রস্তাবে সম্মতি দিয়েছেন।
কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি কথিত ওই প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজ ইরানি জলসীমা এবং বেরিয়ে যাওয়া জাহাজ ওমানের জলসীমা ব্যবহার করবে।
তবে ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
ইরানের একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাটি আরও জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সমন্বয় না করা জাহাজের জন্য হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য কোনো সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে আইআরজিসির সম্মতি গুরুত্বপূর্ণ। তবে ইরানের কূটনৈতিক নেতৃত্ব ও আইআরজিসির অবস্থান কতটা সামঞ্জস্যপূর্ণ, তা স্পষ্ট নয়।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের মিত্ররা ইরান সংঘাত অবসানের একটি সম্ভাব্য সমঝোতার রূপরেখায় পৌঁছেছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, প্রস্তাবিত সমঝোতায় হরমুজ প্রণালি অবিলম্বে ও সম্পূর্ণভাবে খুলে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
তবে ইরানের পক্ষ থেকে চূড়ান্ত চুক্তির দাবি অস্বীকার করায় হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা এবং জাহাজ চলাচলের অবস্থা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল