সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটক বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। তবে বাংলাদেশ পুলিশ, ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো কিংবা সরকারের কোনো সংস্থা এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।
পারিবারিক সূত্রের ভাষ্য অনুযায়ী, দুবাইয়ের একটি আদালত গত ২৭ জুলাই বেনজীরের জামিন আবেদন মঞ্জুর করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্ত হন।
তবে জামিনের শর্ত হিসেবে তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। দুবাই ত্যাগের অনুমতি না থাকার পাশাপাশি বেনজীরের পাসপোর্টও সেখানকার কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে বলে দাবি করেছে পরিবার। ফলে তিনি ইউরোপের কোনো দেশে যাওয়ার চেষ্টা করলেও আদালতের অনুমতি ছাড়া তা সম্ভব নয়।
বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বেনজীরের মুক্তির বিষয়ে ইন্টারপোলের বাংলাদেশ শাখা এনসিবি ঢাকা এখনো দুবাই কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা পায়নি। পুলিশ সদর দপ্তরও এ বিষয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দেয়নি।
এর আগে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গত ১২ জুন দুবাই পুলিশ বেনজীর আহমেদকে আটক করে। পরে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু করে সরকার। সংযুক্ত আরব আমিরাতের অনুরোধ অনুযায়ী বাংলাদেশ প্রয়োজনীয় প্রত্যর্পণ নথিও জমা দিয়েছে।
বেনজীরের পরিবারের দাবি, বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণ নথি নিয়ে দুবাইয়ের আদালতে উভয় পক্ষের আইনজীবীদের শুনানি হয়েছে। সেই প্রক্রিয়ার মধ্যেই আদালত তাকে শর্তসাপেক্ষ জামিন দিয়েছেন। তবে আদালতের আদেশ বা দুবাই সরকারের কোনো আনুষ্ঠানিক নথি প্রকাশ না হওয়ায় এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
দুর্নীতি দমন কমিশনের করা একাধিক মামলায় বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এসব মামলার সূত্রেই তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছিল।
বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন। এর আগে তিনি র্যাবের মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২১ সালের ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাব এবং সংস্থাটির কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়। ওই তালিকায় বেনজীর আহমেদের নামও ছিল।