দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ডিভাইস সংযুক্ত এবং সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। শনিবার, ১ আগস্ট থেকে এ নির্দেশনা কার্যকর হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, জিপিএস সংযুক্ত ও কার্যকর না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন দেওয়া হবে না। একইভাবে জিপিএস ছাড়া ফিটনেস সনদ প্রদান কিংবা পুরোনো সনদ নবায়নও করবে না বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ।
নিবন্ধন বা ফিটনেস নবায়নের সময় সংশ্লিষ্ট পরিবহন মালিককে গাড়িতে জিপিএস বসানোর প্রমাণপত্র জমা দিতে হবে। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটি সচল রয়েছে কি না, তা বিআরটিএ কর্মকর্তাদের দেখাতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পরিবহন মালিক ও তাদের প্রতিনিধিদের আহ্বান জানিয়েছে বিআরটিএ।
বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমান জানিয়েছেন, নতুন কোনো গণপরিবহন নিবন্ধনের জন্য আনা হলে সেটিতে কার্যকর জিপিএস থাকতে হবে। ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য হবে।
যানবাহনে জিপিএস আছে কি না এবং সেটি যথাযথভাবে কাজ করছে কি না, তা দ্রুত যাচাইয়ের জন্য বিআরটিএ নিজস্ব প্রযুক্তিগত ব্যবস্থা তৈরির কাজ করছে বলেও জানান তিনি।
সরকারের প্রত্যাশা, জিপিএসের মাধ্যমে গণপরিবহনের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করা সহজ হবে। এতে সড়ক নিরাপত্তা, যাত্রীসেবা এবং পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা বাড়বে।
তবে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেছেন, শুধু প্রযুক্তি ব্যবহার করলেই সড়ক নিরাপত্তায় প্রত্যাশিত ফল পাওয়া যাবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারও করতে হবে।
তার মতে, সুশাসনের সঙ্গে প্রযুক্তির কার্যকর সমন্বয় হলেই নতুন এ উদ্যোগ থেকে কাঙ্ক্ষিত সুফল পাওয়া সম্ভব হবে।