চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন যুবকের মৃত্যু হয়েছে। সংঘর্ষে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোহাম্মদ জিল্লুর রহমান (৩০)। তিনি সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল বেড়িবাঁধ এলাকার বাসিন্দা। সংঘর্ষের সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্য অনুযায়ী, মাছের ঘেরের নিয়ন্ত্রণ নিয়ে মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে গুলির ঘটনা ঘটে, যাতে জিল্লুর রহমান নিহত হন। এছাড়া সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, গুলিবিদ্ধ অবস্থায় একজন যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।