বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।
বৃহস্পতিবার দুপুরে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, তিন দিনের সফরে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতির অগ্রাধিকার সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করবেন তিনি।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং সরকারের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সার্জিও গোরের বৈঠক হওয়ার কথা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করতে পারেন।
বৈঠকগুলোতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।
সফরের অংশ হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনের পরিকল্পনাও রয়েছে মার্কিন বিশেষ দূতের। সেখানে তিনি রোহিঙ্গাদের পরিস্থিতি এবং চলমান মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বুধবার সাংবাদিকদের বলেন, এটি সার্জিও গোরের প্রথম বাংলাদেশ সফর। এ সফরে তিনি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি বোঝার পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার সম্পর্কে ধারণা নেবেন।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আশা প্রকাশ করেন, সার্জিও গোরের সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করবে এবং সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি করবে।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, আঞ্চলিক ভূরাজনৈতিক পরিবর্তন এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান যোগাযোগের প্রেক্ষাপটে সফরটি গুরুত্বপূর্ণ। ঢাকা ও ওয়াশিংটনের ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নির্ধারণেও এ সফর ভূমিকা রাখতে পারে।