নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাস কূপের খননকাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড, বাপেক্স।
‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের’ আওতায় উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে কূপটি খনন করা হচ্ছে।
প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে খননকাজ শুরু হয়। বুধবার সকাল থেকে পুরোদমে কাজ চলছে।
কূপটির প্রাথমিক খনন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৫০ মিটার। পরিকল্পনা অনুযায়ী টানা ৪৫ দিন খনন চলবে। এরপর আরও ১৫ দিন ড্রিল স্টেম টেস্ট বা ডিএসটি পরিচালনা করা হবে।
পরীক্ষা শেষে কূপটিতে গ্যাসের উপস্থিতি, চাপ এবং সম্ভাব্য মজুদের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
প্রকল্পের ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, খনন ও ডিএসটি পরীক্ষা সফল হলে কূপটি থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
উৎপাদন শুরু হলে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে বলে প্রাথমিকভাবে আশা করছে বাপেক্স। তবে কূপে গ্যাসের প্রকৃত মজুদ ও বাণিজ্যিক উৎপাদনের সক্ষমতা পরীক্ষার ফল পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।