লেখক ই. জ্যাঁ ক্যারলকে ৮ কোটি ৩৩ লাখ ডলার মানহানির ক্ষতিপূরণ দেওয়ার জুরি রায় বাতিলের আবেদন জানিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২৮ জুলাই) করা আবেদনে ট্রাম্পের আইনজীবীরা দাবি করেন, ২০১৯ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে দেওয়া বক্তব্যের জন্য তিনি আইনি দায়মুক্তি পাওয়ার অধিকারী।
ট্রাম্পের বক্তব্য, ক্যারলের অভিযোগ নিয়ে হোয়াইট হাউস থেকে বিবৃতি দেওয়া এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া তার দাপ্তরিক কাজের অংশ ছিল। তাই ব্যক্তিগতভাবে তাকে ক্ষতিপূরণের দায়ে রাখা উচিত নয়।
আপিলে ২০২৪ সালে সুপ্রিম কোর্টের দেওয়া প্রেসিডেন্টের দায়মুক্তিসংক্রান্ত রায়ের উল্লেখ করা হয়েছে। ওই রায়ে প্রেসিডেন্টের দাপ্তরিক কর্মকাণ্ডের ক্ষেত্রে ফৌজদারি বিচার থেকে বিস্তৃত দায়মুক্তি স্বীকৃত হয়েছিল। তবে বর্তমান মামলাটি দেওয়ানি হওয়ায় সেই সিদ্ধান্ত এখানে কীভাবে প্রযোজ্য হবে, তা সুপ্রিম কোর্ট নির্ধারণ করতে পারে—যদি আদালত আবেদনটি শুনানির জন্য গ্রহণ করে।
ট্রাম্পের আইনজীবীরা ওয়েস্টফল অ্যাক্টের অধীনে মামলায় তার পরিবর্তে যুক্তরাষ্ট্র সরকারকে বিবাদী করার বিষয়টিও পর্যালোচনার অনুরোধ জানিয়েছেন।
ক্যারলের করা মামলায় একটি জুরি ২০২৪ সালে সিদ্ধান্ত দেয়, ২০১৯ সালে তার বিরুদ্ধে ট্রাম্পের বক্তব্য মানহানিকর ছিল। এ জন্য ট্রাম্পকে ৮ কোটি ৩৩ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরবর্তী সময়ে দ্বিতীয় সার্কিট আপিল আদালত সেই রায় বহাল রাখে।
আপিল আদালত বলেছিলেন, ট্রাম্প যথাসময়ে প্রেসিডেন্টের দায়মুক্তির যুক্তি উত্থাপন করেননি। পূর্ণাঙ্গ বেঞ্চে মামলাটি পুনর্বিবেচনার আবেদনও গত এপ্রিলে প্রত্যাখ্যান করা হয়।
এটি ক্যারলকে দেওয়া পৃথক ৫০ লাখ ডলারের দেওয়ানি ক্ষতিপূরণের মামলা নয়। ওই মামলায় ট্রাম্পের আবেদন গত জুনে শুনতে অস্বীকৃতি জানিয়েছিল সুপ্রিম কোর্ট।
নতুন আবেদনটি এখনো শুনানির জন্য গৃহীত হয়নি। সুপ্রিম কোর্ট আবেদন গ্রহণ করলে মামলার আইনি যুক্তিগুলো পর্যালোচনা করা হবে।
সূত্র: অ্যাক্সিওস