রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা নির্বাচন কমিশনের দায়িত্ব। আইন অনুযায়ী ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হবে।
তিনি বলেন, একাধিক প্রার্থী থাকলে এক ধরনের এবং একজন প্রার্থী থাকলে ভিন্ন ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হবে। সংসদের অধিবেশন চলমান থাকা বা না থাকার ক্ষেত্রেও আইনে পৃথক ব্যবস্থা রয়েছে। বৈঠকে এসব প্রক্রিয়াগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সিইসি জানান, বৈঠকে কোনো সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়নি। দিনক্ষণ চূড়ান্ত হলে গেজেটের মাধ্যমে তা প্রকাশ করা হবে।
রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকলে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। তবে একজন প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
সিইসি বলেন, ‘যেকোনো সময় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি আমাদের রয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়েও কমিশন কাজ করছে।’
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার জাতীয় সংসদের সদস্যরা। সংসদ সদস্যদের হালনাগাদ তালিকা চেয়ে জাতীয় সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। যত দ্রুত সম্ভব তালিকাটি ইসিকে দেওয়া হবে বলে বৈঠকে জানানো হয়েছে।
সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান সিইসি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে পাঠানো হলে আইন অনুযায়ী পর্যালোচনা করা হবে বলে উল্লেখ করেন তিনি।