দুই মাসের বেশি সময় ধরে দেশব্যাপী চলা ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরের পর্দা নামছে আজ। সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে জাতীয় পর্বের গ্র্যান্ড ফাইনাল, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিজয়ী খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৪টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছাবেন। এরপর রাজশাহী ও রংপুর অঞ্চলের মধ্যকার বালিকা ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন তিনি।
ফুটবল ম্যাচ শেষে বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। পরে নতুন কুঁড়ি স্পোর্টসের কার্যক্রম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং থিম সংয়ের সঙ্গে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনা থাকবে।
প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক বক্তব্যের পর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। পরে অতিথিরা খুদে ক্রীড়াবিদদের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেবেন।
গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে এ আয়োজনের আঞ্চলিক পর্ব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের সব উপজেলা ও জেলা থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার শিশু-কিশোর প্রতিযোগিতায় অংশ নেয়।
ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট—এই আটটি ডিসিপ্লিনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক পর্ব শেষে ঢাকার বিভিন্ন ভেন্যুতে জাতীয় পর্বের খেলা শুরু হয়। দেশের ১০টি অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ ক্রীড়াবিদ ও কর্মকর্তা এ পর্বে অংশ নেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন ডিসিপ্লিনে প্রতিভার স্বাক্ষর রাখা খেলোয়াড়দের বিশেষ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচিত ক্রীড়াবিদদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) বিভিন্ন শাখায় প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে।
শিশু-কিশোরদের ডিজিটাল যন্ত্রের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রেখে খেলার মাঠে ফিরিয়ে আনা এবং তৃণমূল থেকে ভবিষ্যৎ ক্রীড়াবিদ খুঁজে বের করাই এ আয়োজনের প্রধান লক্ষ্য।