ইরানের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আবারও ৬০ দিনের সময়সীমা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে কাতারের উপহার দেওয়া একটি বিমান উন্মোচন অনুষ্ঠানে ট্রাম্প এ মন্তব্য করেন। সামা টিভিসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প বলেন, তিনি এখনো কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছেন। তবে আলোচনা ফলপ্রসূ না হলে যুক্তরাষ্ট্র বিকল্প পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে।
মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, ৬০ দিনের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানো প্রয়োজন। তা না হলে ওয়াশিংটন এমন ব্যবস্থা নিতে পারে, যা তেহরানের জন্য স্বস্তিকর হবে না। তবে পরিস্থিতি শেষ পর্যন্ত সেই পর্যায়ে যাবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে স্থায়ী চুক্তিতে রূপ দিতে দুই পক্ষ কারিগরি পর্যায়ের আলোচনার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই ট্রাম্পের নতুন সময়সীমা ও সতর্কবার্তা সামনে এলো।
সূত্র: সামা টিভি