সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান তিনি। পরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি সুসজ্জিত দল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়। বিউগলে করুণ সুর বাজানোর পাশাপাশি শহীদদের স্মরণে নির্ধারিত আনুষ্ঠানিকতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর তিনি স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করেন।
এ সময় স্মৃতিসৌধ এলাকায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দেন। ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে দাঁড়িয়েও অনেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।