রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এলাকার নিরাপত্তা জোরদারে নেওয়া নিজের একটি উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, স্থানীয়ভাবে সিসি ক্যামেরা স্থাপন করা হলেও ৪৮ ঘণ্টার মধ্যেই সেগুলো চুরি হয়ে যায়।
শুক্রবার বিকেলে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের নিয়ে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, মোহাম্মদপুরে সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না, সাধারণ মানুষকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি জানান, নিরাপত্তাহীনতার কারণে তার সহকর্মী নুর ইসলাম সম্প্রতি হামলার শিকার হয়েছেন। এ ধরনের অপরাধ ঠেকাতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দ্রুত কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। খুব শিগগিরই এ সংক্রান্ত কমিটি গঠন করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, এলাকায় পুলিশের টহল কার্যক্রম বাড়ানোর চেষ্টা চলছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থায়ী উন্নতির জন্য নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে হবে।
অপরাধীদের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি বা আগ্রাসন সহ্য করা হবে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।