ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মো. সাইদুর রহমান। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (২০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সাইদুর রহমানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
সাইদুর রহমান দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সংবাদপত্রটির ঢাকা সাংবাদিক ইউনিয়ন ইউনিটের প্রধানও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা সাইদুর রহমান ২০০৫ সালে দৈনিক দিনকালের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ২০০৭ সালে তিনি দৈনিক ইত্তেফাকে যোগ দেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি জাতীয় রাজনীতি, নির্বাচন ও রাষ্ট্রীয় নীতিনির্ধারণী বিষয় নিয়ে কাজ করেছেন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন নির্বাচন কাভার করেছেন তিনি।
ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহসভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সাইদুর রহমান। তিনি নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সাংগঠনিক সম্পাদক এবং পরে সভাপতি ছিলেন।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন সাইদুর রহমান। তিনি হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং কাজীরহাট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।
নতুন দায়িত্বে তিনি বাংলাদেশ হাইকমিশনের গণমাধ্যম যোগাযোগ, জনকূটনীতি, বাংলাদেশের অবস্থান ও কার্যক্রম প্রচার এবং ভারতীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক সমন্বয়ে কাজ করবেন।