ফুটবল মাঠের পারফরম্যান্স নয়, এবার নতুন চেহারার কারণে আলোচনায় এসেছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাম্প্রতিক ছবি ছড়িয়ে পড়ার পর পরিবর্তিত চিবুক ও চোয়ালের গঠন নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যমের দাবি, মুখের সামগ্রিক গঠন আরও ভারসাম্যপূর্ণ করতে ‘চিন হারমোনাইজেশন’ নামে একটি কসমেটিক প্রক্রিয়া করিয়েছেন ভিনিসিয়ুস।
নতুন ছবিতে আগের তুলনায় তার চিবুক ও চোয়ালের রেখা আরও স্পষ্ট দেখা যাচ্ছে। এই পরিবর্তনের কারণে অনেক ভক্ত প্রথম দেখায় তাকে চিনতে কষ্ট হওয়ার কথাও জানিয়েছেন। কেউ কেউ মজার ছলে নতুন চেহারায় তাকে ব্রাজিলের সাবেক ফুটবলার রামিরেসের সঙ্গে তুলনা করেছেন।
চিন হারমোনাইজেশন এমন একটি প্রসাধনী চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে মুখের অন্যান্য অংশের সঙ্গে সামঞ্জস্য রেখে চিবুকের আকার, অবস্থান ও গঠন পরিবর্তনের চেষ্টা করা হয়। নাক, ঠোঁট ও চোয়ালের সঙ্গে চিবুকের ভারসাম্য তৈরিও এ প্রক্রিয়ার অন্যতম লক্ষ্য।
এ ধরনের চিকিৎসা অস্ত্রোপচারের মাধ্যমে অথবা অস্ত্রোপচার ছাড়াই করা যেতে পারে। প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ভিনিসিয়ুসের ক্ষেত্রে অস্ত্রোপচার করা হয়নি। ডার্মাল ফিলার ব্যবহার করে তার চিবুক ও চোয়ালের গঠন আরও স্পষ্ট করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
ব্রাজিলের গোইয়ানিয়া শহরের একটি ক্লিনিকে চর্মরোগ বিশেষজ্ঞ আলেসান্দ্রো আলারকাও এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন বলেও জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
চিকিৎসার পর কিছুদিন মুখে সাময়িক ফোলাভাব থাকতে পারে। সেটি কমে গেলে ভিনিসিয়ুসের চেহারার চূড়ান্ত পরিবর্তন আরও পরিষ্কারভাবে বোঝা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে কসমেটিক প্রক্রিয়াটি নিয়ে ভিনিসিয়ুস বা তার ক্লাব রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে এর আগে আলোচনায় এসেছিলেন ভিনিসিয়ুস। টুর্নামেন্টে ব্যক্তিগতভাবে চারটি গোল করলেও শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপ শেষে ছুটিতে থাকা অবস্থায় প্রকাশিত নতুন ছবির মাধ্যমে এবার সম্পূর্ণ ভিন্ন কারণে আলোচনার কেন্দ্রে উঠে এলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।