এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনে ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা রুবাইয়া মেহজাবিন সূহি বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
কলেজের পরিচয় ও আইডি কার্ড ব্যবহারের অভিযোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ।
কলেজের নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ জহুরুল ইসলাম বাদী হয়ে জিডিটি করেন। এর নম্বর ৯০৫।
জিডির বিবরণ অনুযায়ী, রুবাইয়া মেহজাবিন সূহি মাইলস্টোন কলেজের ইংরেজি মাধ্যমের বিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে আগেই তাঁকে ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি দেওয়া হয়।
কলেজ কর্তৃপক্ষের দাবি, বর্তমানে প্রতিষ্ঠানটির সঙ্গে সূহির কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই। ফলে মাইলস্টোন কলেজের পরিচয় ব্যবহার করার আইনগত অধিকারও তাঁর নেই।
জিডিতে অভিযোগ করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সূহিকে মাইলস্টোন কলেজের আইডি কার্ড ব্যবহার করে চলমান এইচএসসি পরীক্ষা ও প্রশ্নপত্রসংক্রান্ত আন্দোলনে বক্তব্য দিতে দেখা গেছে।
কলেজ কর্তৃপক্ষ ওই বক্তব্যকে সরকারবিরোধী ও উসকানিমূলক বলে উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটির দাবি, বর্তমান শিক্ষার্থী না হয়েও কলেজের পরিচয় ব্যবহারের কারণে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং কলেজের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
এ পরিস্থিতিতে কলেজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তুরাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
তুরাগ থানা সূত্রে জানা গেছে, জিডিটি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে থানার উপপরিদর্শক মো. আরিফুল ইসলাম রানাকে।
মন্তব্যসমূহ