ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শেষ হয়েছে। বুধবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অধিবেশন সমাপ্তির ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।
এই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন করা হয়। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর গঠিত বর্তমান সরকারের এটি প্রথম বাজেট।
গত ৭ জুন বাজেট অধিবেশন শুরু হয়। ১১ জুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। এরপর ২৬ কার্যদিবস চলার পর ১৫ জুলাই অধিবেশন শেষ হয়।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, বাজেটের ওপর সাধারণ আলোচনা ১৪ কার্যদিবসে মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট চলে। এতে ৩১৬ জন সংসদ সদস্য অংশ নেন। এ অধিবেশনে মোট ১০টি সরকারি বিল পাস হয়েছে।
অধিবেশন চলাকালে কার্যপ্রণালী বিধির ৭১ ধারা অনুযায়ী ৭১৫টি নোটিশ জমা পড়ে। এর মধ্যে ২৪টি গ্রহণ করা হয় এবং ২২টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ৭১(ক) বিধি অনুযায়ী ১২৫টি দুই মিনিটের নোটিশ নিয়ে আলোচনা হয়।
১৩১ বিধির আওতায় চারটি সিদ্ধান্ত প্রস্তাব নিয়ে আলোচনা ও নিষ্পত্তি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়েছিল, যার মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য জমা পড়া ৫ হাজার ৩১টি প্রশ্নের মধ্যে ৩ হাজার ৪৭৪টির উত্তর দেওয়া হয়েছে।
এ অধিবেশনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি কার্য উপদেষ্টা কমিটিও পুনর্গঠন করা হয়েছে।
মন্তব্যসমূহ