রাজধানীর যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করতে মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের নবনির্মিত অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরে নির্মিত অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, মহাখালী বাস টার্মিনালে প্রায় ৪০০টি গাড়ি রাখার সক্ষমতা থাকলেও প্রতিদিন সেখানে প্রায় ১ হাজার ৫০০টি গাড়ির যাতায়াত হয়। অতিরিক্ত গাড়ির চাপের কারণে টার্মিনাল ও আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়।
জনভোগান্তি কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরে প্রায় ১০ একর জায়গাজুড়ে অস্থায়ী বাস ডিপো নির্মাণ করা হয়েছে।
এ উদ্যোগে সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধান মো. আনিছুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমিতি, রাজউক, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানসহ পরিবহন মালিক-শ্রমিক নেতারা এবং ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।
উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে বাস স্থানান্তর কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর যানজট কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে এ উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।
মন্তব্যসমূহ