ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস স্টুয়ার্টের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় মাওলানা মামুনুল হকের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের ভূমিকা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন মাওলানা মামুনুল হক।
আলোচনায় বাংলাদেশের যুবসমাজের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।
এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা, চলমান সহযোগিতা অব্যাহত রাখা এবং পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির আলোকে সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও গঠনমূলক সংলাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, আমিরে মজলিসের পররাষ্ট্র বিষয়ক সচিব ফারিদ খান এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তা কামরুল হাসান উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ