কাতারের সাবেক আমির ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা কাতারের আমিরের কাছে পৌঁছে দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বুধবার (১৫ জুলাই) দোহার বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই মাসে লুসাইল আমিরি প্রাসাদে আয়োজিত শোকবার্তা গ্রহণ অনুষ্ঠানে স্পিকার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর করেন।
এ সময় তিনি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে কাতারের আমির এবং শোকাহত রাজপরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে প্রয়াত শেখ হামাদ বিন খলিফা আল থানির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
স্পিকার বলেন, আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত শেখ হামাদ বিন খলিফা আল থানি তাঁর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি বাংলাদেশ-কাতার সম্পর্ক আরও শক্তিশালী করতেও তার অবদান স্মরণীয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিশেষ দূত হুমায়ুন কবির এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান উপস্থিত ছিলেন।
শোকবার্তা দেওয়ার পর স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকার ১৫ জুলাই রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয়। এ উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাতে স্পিকার মঙ্গলবার দোহায় পৌঁছান। সফরকালে তিনি বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন।
নির্ধারিত কর্মসূচি শেষে বুধবার সন্ধ্যায় তার দোহা ছাড়ার কথা রয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে তিনি দেশে ফিরবেন।
মন্তব্যসমূহ