লিভারপুলের মতো সাবেক ক্লাবের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত কেন চেলসির দায়িত্ব নিয়েছেন, সে বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন চেলসির নতুন ম্যানেজার জাবি আলোনসো।
স্প্যানিশ এই কোচ জানিয়েছেন, লিভারপুলে ফেরার পরিবর্তে চেলসির দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তটি মূলত সময় ও পরিস্থিতির ওপর নির্ভর করেছে।
২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত লিভারপুলের হয়ে খেলেছেন আলোনসো। গত মে মাসে চেলসির ম্যানেজার হিসেবে দায়িত্ব নেন তিনি। সম্প্রতি ক্লাবের হয়ে প্রথম অনুশীলন পরিচালনা করেছেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার।
বিবিসি স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে লিভারপুলের প্রস্তাব এড়িয়ে চেলসিকে বেছে নেওয়ার বিষয়ে আলোনসো বলেন, সবকিছুই সঠিক সময়ের ওপর নির্ভর করে। তিনি জানান, চেলসি বিশ্বের অন্যতম বড় ক্লাব এবং এই ক্লাবকে সফল করার চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত।
এর আগে ২০২৪ সালে ইয়ুর্গেন ক্লপ লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই অ্যানফিল্ডে আলোনসোর ফেরার গুঞ্জন শুরু হয়েছিল। বায়ার লেভারকুসেনে তার অধীনে খেলা কয়েকজন খেলোয়াড় লিভারপুলে যোগ দেওয়ার পর সেই আলোচনা আরও জোরালো হয়। তবে শেষ পর্যন্ত চেলসির দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
চেলসির আগের কোচদের তুলনায় আলোনসোকে ‘ম্যানেজার’ পদ দেওয়া হয়েছে। এই পদ তাকে বাড়তি কর্তৃত্ব দেবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের সব সিদ্ধান্তে সবাই অংশীদার এবং সমানভাবে দায়বদ্ধ। একসঙ্গে কাজ করাই তার পছন্দ।
দলের বর্তমান অবস্থা নিয়ে আশাবাদী আলোনসো বলেন, চেলসির দলে ইতোমধ্যে ভালো খেলোয়াড় রয়েছে। সঠিক সিদ্ধান্তের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে তাদের।
তিনি জানান, ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরদের সঙ্গে তার পরিকল্পনার মিল রয়েছে এবং লক্ষ্য হচ্ছে ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী একটি দল গড়ে তোলা।
মন্তব্যসমূহ