বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বুধবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ বাতিল করে তামিম ইকবালকে সভাপতি করে একটি অ্যাডহক কমিটি গঠন করেছিল। পরে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের মাধ্যমে চার বছরের জন্য সভাপতি নির্বাচিত হন তামিম।
নতুন সভাপতি হিসেবে চলতি মাসের শুরুতে স্কটল্যান্ডে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভায়ও অংশ নেন তিনি।
আইসিসির বিজ্ঞপ্তিতে নতুন দুটি সাব-কমিটি গঠনের তথ্য জানানো হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কমিটি’র নেতৃত্বে রাখা হয়েছে বিসিবি সভাপতি তামিম ইকবালকে।
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ার সময়ে গঠিত এই কমিটিতে তামিমের সঙ্গে সদস্য হিসেবে থাকছেন ক্রিকেট নামিবিয়ার প্রতিনিধি রুডি ভ্যান বুরেন, বিসিসিআইয়ের দেবজিৎ সাইকিয়া, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ।
অন্যদিকে আইসিসির দ্বিতীয় সাব-কমিটি ‘গভর্ন্যান্স রিভিউ কমিটি’র প্রধান করা হয়েছে বিসিসিআইয়ের দেবজিৎ সাইকিয়াকে। এই কমিটিতে সদস্য হিসেবে থাকবেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মোহাম্মদ মোসাজে এবং আইসিসির স্বতন্ত্র পরিচালক ড. রস রিবাজ।
মন্তব্যসমূহ